হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিহারীপুর, খোজারগাঁও, নিজগাঁওসহ আশপাশের ৪-৫টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন। এছাড়া স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও এটি একমাত্র ভরসা। বিহারীপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক থাকায় রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত কাদাময় হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে জরুরি রোগীদের হাসপাতালে নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের।