উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জোনায়েব ইসলাম মাহি উত্তীর্ণ হন।
ছেলের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবি পোস্ট করেন শাহজাহান খান। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’
তবে জেলা ছাত্রদলের সভাপতির ছেলের এইচএসসি পাসের খবর এবং বাবার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে অনেকে মাহিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহলও তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জেলায় নতুন কোনো কমিটি গঠন করা হয়নি।