হবিগঞ্জের বাহুবল উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনমনে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এ সময় মিরপুর বাজার, দ্বিগাম্বর বাজার, পুটিজুরী বাজার ও বাহুবল সদর বাজারসহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি চৌকস দল টহল দেয়।
মহড়াকালে গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদার করা হয়।
এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ মহড়া অব্যাহত থাকবে, যা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।