বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাস গবেষক, বরেণ্য লেখক ও ইসলামী চিন্তাবিদ মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর জীবন ও কর্মভিত্তিক গ্রন্থ ‘আমার আব্বা’–এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ রচিত গ্রন্থটির প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংবাদিক, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুম তরফরত্ন সৈয়দ আব্দুল্লাহর সাহিত্য, গবেষণা ও ইসলামী চিন্তাধারায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে ‘গবেষণার আলোকে তরফ বিজয়’, ‘আরাকানের মুসলমান’, ‘মুসলিম মনীষা’ (তিন খণ্ড), ‘সিলেটে মাদানী (রহ.)’ এবং ‘মধ্যযুগের বাংলা সাহিত্য ও মহাকবি সৈয়দ সুলতান’ বিশেষভাবে আলোচিত হয়। বক্তারা বলেন, ইতিহাস, সাহিত্য ও ইসলামী ভাবধারায় তাঁর গবেষণাধর্মী রচনা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে।
বক্তারা আরও বলেন, ‘আমার আব্বা’ গ্রন্থে মরহুম সৈয়দ আব্দুল্লাহর জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাধারার মূল্যবান দিকসমূহ তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।
তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন নাট্যকার জালাল উদ্দীন রুমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দীন আহমদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বরুনা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, তরফ সাহিত্য পরিষদের সহ-সভাপতি দেওয়ান মাসউদ চৌধুরী, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সৈয়দ পারভেজ আহমদ, সাংবাদিক রুহুল হাসান শরীফ, মাওলানা নূরুল আমিন, কবি ও ঔপন্যাসিক শাহ মনসুর আহমদ সেলিম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, পর্যটক নাজির হোসেন হাসু, যুব উন্নয়ন কর্মকর্তা হেসেন শাহ এবং হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহিদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে গুণীজনদের স্মরণ এবং তাঁদের কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।