
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানিকা গ্রামে নিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার মানিকা গ্রামের আম্বর উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে সাইফুল ইসলাম বাড়ির পাশে হাওর এলাকায় নিজের জমিতে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত হলে সেটি সাইফুলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সাইফুলকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
কিশোরের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের মধ্যেও নেমে আসে শোক। পরিবারের সদস্যরা জানান, কৃষিকাজের জন্য হাওরে যাওয়ার পর এমন মর্মান্তিক ঘটনার শিকার হবে, তা তারা কল্পনাও করতে পারেননি।
এদিকে খবর পেয়ে বাহুবল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন রেজা সৌরভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তিনি নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বজ্রপাতে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমরা কাজ করছি। নিহতের পরিবারকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে হাওর ও খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। এ ধরনের সময়ে আকাশে মেঘ জমলে ও বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে কৃষক ও শ্রমজীবী মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বাহুবল বার্তা ডেস্ক 








