
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবলে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে যুব র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
এতে বক্তব্য রাখেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, সিনিয়র সাংবাদিক ফয়সল চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রুমন চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন চৌধুরী, প্রশিক্ষিত যুব মহিলা আকলিমা বেগম ও প্রশিক্ষিত যুবক আবু মহসিন আহমদ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়।
বাহুবল বার্তা ডেস্ক 






