
প্রায় ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস সার্ভিস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ জেলা মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ জুন সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসটি শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও শেরপুর হয়ে যাতায়াত করত। তবে গত ১০ মে মৌলভীবাজার জেলার এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে ‘গায়ের জোরে’ এ সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে অন্যায় ও অগ্রহণযোগ্য উল্লেখ করে হবিগঞ্জের পরিবহন সংশ্লিষ্টরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত বিরতিহীন এক্সপ্রেস সার্ভিস পুনরায় চালুর দাবি জানান।
সমন্বয় পরিষদের নেতারা বলেন, তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। ধর্মঘট চলাকালীন সময়ে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে আকস্মিক এ ধর্মঘটের ঘোষণায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াত নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
বাহুবল বার্তা ডেস্ক 







