
পবিত্র ঈদুল আজহার পর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রমে গাফিলতির অভিযোগে দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণকালে এ সিদ্ধান্ত দেন।
শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় পরিদর্শনকালে তিনি দেখতে পান—কোরবানির বর্জ্যের পাশাপাশি আগে থেকে জমে থাকা ময়লা-আবর্জনা সড়কের ওপর পড়ে রয়েছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপ-সচিব) সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরখাস্ত কর্মকর্তারা হলেন—ডিএনসিসির জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ডিএসসিসির জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্য অপসারণে এমন গাফিলতিকে কঠোরভাবে দেখছে সরকার—এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাহুবল বার্তা ডেস্ক 









