
ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের শেরপুর সেতুর ওপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সেতুটির ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সওজ সূত্রে জানা যায়, আগামী ২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত সেতুটিতে মেরামত কাজ চলবে। এ সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত এক লেনে যান চলাচল করবে। একই দিন রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পরে ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আবার এক লেনে যান চলাচল চালু থাকবে।
যান চলাচল বন্ধ থাকা অবস্থায় এবং এক লেনে চলাচলের সময় যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে সওজ।
বিকল্প সড়কসমূহ:
শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট
শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট
সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ
সেতুর মেরামত কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বাহুবল বার্তা ডেস্ক 









