
হবিগঞ্জের বাহুবলে এক অসহায় মেয়ের বিয়ে উপলক্ষে মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় তরুণরা। মামুনুর রশীদের নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগে সংগ্রহ করা হয়েছে মোট ৪৪ হাজার ৪২৭ টাকা, যা ইতোমধ্যে মেয়ের বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে বাহুবল বাজারের বিভিন্ন দোকান থেকে স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ শুরু করেন একদল তরুণ। এ সময় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা হয় ২৪ হাজার ৮৭৭ টাকা। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে বিকাশ ও নগদের মাধ্যমে প্রদান করা হয় ১৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, আজিজ নামের এক ব্যক্তির কাছে বিকাশের মাধ্যমে ৫০ টাকা সহায়তা করেন একজন এবং আরও একজন নগদ ২ হাজার টাকা প্রদান করেন। সব মিলিয়ে মোট ৪৪ হাজার ৪২৭ টাকা সংগ্রহ করে তা অসহায় মেয়ের বাবার হাতে তুলে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগে দেশ ও প্রবাস থেকে অনেকেই এগিয়ে আসেন। পরিচিত-অপরিচিত, ছোট-বড়সহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান।
উদ্যোগের নেতৃত্বদানকারী মামুনুর রশীদ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়দের মতে, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।
বাহুবল বার্তা ডেস্ক 









