
হবিগঞ্জের বাহুবল উপজেলার খোজারগাঁও গ্রামে নারী-সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি নারী-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একই গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেল প্রায় ৪টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও বিরোধ মীমাংসা হয়নি।
পরে মাগরিবের নামাজের সময় উভয় পক্ষ পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে আব্দুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নারীর সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাহুবল বার্তা ডেস্ক 









