
হবিগঞ্জের বাহুবল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ২১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। শূন্য রয়েছে ১৩টি পদ। গুরুত্বপূর্ণ সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর কোনো পদেই নেই কর্মকর্তা। উপজেলা প্রকৌশলীর পদে থাকা কর্মকর্তাও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
এলজিইডির সিলেট অঞ্চলের উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের শূন্য পদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, বাহুবল উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপজেলা প্রকৌশলীর ১টি পদ থাকলেও ওই পদে কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। সহকারী প্রকৌশলীর ১টি এবং উপসহকারী প্রকৌশলীর ৩টি পদই শূন্য।
এ ছাড়া ড্রাফটসম্যান, স্টোরকিপার, কমিউনিটি অর্গানাইজার, সাঁট মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটরসহ আরও কয়েকটি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে ২১টি পদের মধ্যে কর্মরত ৮ জন এবং শূন্য ১৩টি।
গুরুত্বপূর্ণ প্রকৌশলী পদগুলোতে জনবল না থাকায় বাহুবল উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, উপজেলার উন্নয়ন কার্যক্রমের গতি স্বাভাবিক রাখতে দ্রুত শূন্য পদগুলোতে জনবল পদায়ন করা প্রয়োজন।
বাহুবল বার্তা ডেস্ক 









