
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় এবং এতে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি দল।
অভিযানে মো. ফটিক মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাহুবল মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাহুবল বার্তা ডেস্ক 














