
রামিসাসহ দেশে সংঘটিত সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জের বাহুবলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “জাগ্রত বিবেক বাহুবল”-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদের মুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দূর করার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সচেতন নাগরিক ডা. শেকুল ইসলাম বলেন, “আমি একজন বাবা হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আমরা রামিসার বাবার মতো কষ্ট অনুভব করি এবং এর তীব্র প্রতিবাদ জানাই। আশা করি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।”
এসময় শিক্ষক মামুনুর রশীদ বলেন, “শুধু গ্রেফতারে আমরা থামতে চাই না। এর আগেও অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বিচারকার্য সম্পন্ন হয়নি। তাই দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে হতবাক ও উদ্বিগ্ন করছে। এসব ঘটনার বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করতে সাহস পাচ্ছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন, যাতে লেখা ছিল— “শিশু ধর্ষণের বিচার চাই”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর”, “শিশু হত্যার বিচার দ্রুত করতে হবে” ইত্যাদি স্লোগান।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও দায়িত্ব। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাহুবল বার্তা ডেস্ক 









