
ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বাহুবল উপজেলায় দ্রুত জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন, বাস্তবসম্মত শ্রেণী পরিবর্তন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার ৮ এপ্রিল দুপুর ১২টায় নবাগত হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ মহোদয়ের নিকট বাহুবলবাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় এর উন্নয়ন সময়ের দাবি। তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় মানুষের স্বার্থ সংরক্ষণ অত্যন্ত জরুরি। বিশেষ করে জমির শ্রেণী বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ এবং বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে হবে।
এ সময় জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”
এসময় বক্তারা বলেন, উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানালেও তা যেন কোনোভাবেই সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় জমি অধিগ্রহণ সম্পন্ন এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বাহুবলবাসী আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বাহুবল বার্তা ডেস্ক 







