
“প্রকৃতির সম্ভাবনায় পর্যটন সমৃদ্ধ বাহুবল” স্লোগানকে সামনে রেখে বাহুবল উপজেলা পর্যটন কমিটির আয়োজনে পর্যটনের স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ২ ঘটিকায় উপজেলার মনোরম পরিবেশে অবস্থিত টি হেভেন ইকো কটেজে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, উপজেলা পর্যটন কমিটির উপদেষ্টা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মেহের মিয়া, উপদেষ্টা আব্দুল আহাদ কাজল এবং উপদেষ্টা আইয়ুব খান।
বাহুবল উপজেলা পর্যটন কমিটির সভাপতি সালেহ আহমেদ আবিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার খুরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পর্যটন সম্পাদক মামুনুর রশীদ ও নির্বাহী সদস্য আনাসারুল ইসলাম।
সভায় বক্তারা বাহুবল উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ, চা-বাগান ও গ্রামীণ সংস্কৃতিকে পর্যটনের জন্য একটি বড় সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সঠিক পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং প্রচারণার মাধ্যমে বাহুবলকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে রূপান্তর করা সম্ভব।
এসময় স্থানীয় পর্যটন স্পটগুলোকে চিহ্নিত করে উন্নয়ন, নিরাপত্তা জোরদার, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দেশব্যাপী প্রচারণা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় পর্যটন খাতকে এগিয়ে নিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাহান মিয়া, আনোয়ার হোসেন জিতু প্রমুখসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভা শেষে বাহুবলকে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাহুবল বার্তা ডেস্ক 









