
দেশের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত “8th World Invention Competition and Exhibition (WICE) 2026”-এর বাংলাদেশ জাতীয় পর্বে স্বর্ণপদক অর্জন করেছে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের “DEMON 71” টিম। এই সাফল্যের ধারাবাহিকতায় দলটি আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে।
গত ৯ মে রাজধানীর Northern University Bangladesh-এ দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কলেজ ক্যাটাগরির IoT and Robotics বিভাগের “Project Display” সেগমেন্টে গোল্ড মেডেল অর্জন করে “DEMON 71”।
দলের সদস্যরা হলেন— মোঃ তারেক আহমেদ তানভীর, তারিকুর রহমান ও মেহেদী হাসান সানি। তাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন মিনজাব ছাহাম। তার দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় দলটি এই কৃতিত্ব অর্জন করে।
প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, গবেষণামূলক উপস্থাপনা এবং দক্ষ প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দলটি জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তাদের এই অর্জনকে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের জন্য গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ব্র্যাকের চেয়ারম্যান ড. কায়কোবাদসহ শিক্ষা ও প্রযুক্তি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন Dreams of Bangladesh (DOB)-এর প্রেসিডেন্ট, সিইও, ফাউন্ডার এবং আয়োজক কমিটির সদস্যরা।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতায় দলটি International Young Scientists Association (IYSA) আয়োজিত মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে। সেখানে তারা দেশের প্রতিনিধিত্ব করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
শিক্ষার্থীদের এ অর্জনে কলেজ প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্বে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বাহুবল বার্তা ডেস্ক 









