
হবিগঞ্জের বাহুবল উপজেলার হরাইটেকায় চায়ের বিল দেওয়াকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার মধ্যে সৃষ্ট তর্ক-বিতর্কের জেরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গতকাল চায়ের বিল দেওয়া নিয়ে এক ক্রেতা ও বিক্রেতার মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আজ স্থানীয়ভাবে শালিসের উদ্যোগ নেওয়া হয়। তবে শালিসের পরও বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যার পর মানিকাবাজার এলাকায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বাহুবল বার্তা ডেস্ক 








