
বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, বহুভাষাবিদ ও পণ্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে রচিত ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের বাহুবলে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বাহুবল কলেজ অডিটরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান সামছুল ইসলাম।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষার্থী অর্পিতা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল কলেজের অধ্যক্ষ ও ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুর রব শাহীন, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার, সাংবাদিক নূরুল ইসলাম মনি, পুটিজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নূরুল আমিন এবং ‘মুজতবাচরিত’ গ্রন্থের লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা রম্যগদ্যের অন্যতম নির্মাতা ড. সৈয়দ মুজতবা আলী ছিলেন একজন অসাধারণ প্রতিভাধর সাহিত্যিক, ভাষাবিদ ও পণ্ডিত। তিনি ভারতের করিমগঞ্জে তাঁর পিতার কর্মস্থলে জন্মগ্রহণ করলেও তাঁর পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে। তাঁর এবং তাঁর ভাই ইতিহাসবিদ সৈয়দ মুর্তাজা আলীর স্মৃতিকথায় বাহুবলের এ পৈত্রিক নিবাসের কথা বারবার উঠে এসেছে।
বক্তারা আরও বলেন, ড. সৈয়দ মুজতবা আলীর জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ, বাহুবল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ‘মুজতবাচরিত’ গ্রন্থটি ওই স্মৃতি পরিষদের একটি প্রকাশনা। গ্রন্থটির মাধ্যমে গুণী এ সাহিত্যিকের জীবন ও কর্ম সম্পর্কে পাঠকসমাজ, বিশেষ করে তরুণ প্রজন্ম আরও বিস্তারিতভাবে জানতে পারবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথিরা ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর সাহিত্যকর্ম নিয়ে আরও ব্যাপক গবেষণা ও আয়োজনের আহ্বান জানান।
বাহুবল বার্তা ডেস্ক 








