
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ ড. রেজা কিবরিয়া।
এক শোকবার্তায় ড. রেজা কিবরিয়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পাশাপাশি তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে গোলাম মোস্তফা রফিকের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা ছিল প্রশংসনীয়। তাঁর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বকে হারাল।
ড. রেজা কিবরিয়া মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
বাহুবল বার্তা ডেস্ক 









