
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি র্যাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। ভেজাল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।
পরবর্তীতে ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। এর আগে পদোন্নতি বঞ্চিত হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে তৎকালীন সরকার তাকে ‘তিরস্কার’ শাস্তি প্রদান করে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২২ সালের মে মাসে জারি করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: 


















