
দেশের প্রতিটি জেলা হাসপাতালে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে। এ লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৭ জুন) রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা ধরে বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর এবং সেবার মান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, কিডনি রোগীদের কষ্ট লাঘবে প্রতিটি জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও এ সুবিধা সম্প্রসারণ করা হবে। এতে রোগীরা স্বল্প খরচে নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
চিকিৎসক সংকট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে প্রয়োজনীয় নিয়োগ ও প্রশিক্ষণের ঘাটতির কারণে এ সংকট তৈরি হয়েছে। এ সমস্যা নিরসনে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সরকার দেশের জনগণকে নিজ নিজ এলাকার কাছেই স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি জানান।
বাহুবল বার্তা ডেস্ক 


















