
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়া (রিফিম কিবরিয়া) এবার রাজনীতির মাঠে নতুন চমক হিসেবে আলোচনায় এসেছেন। সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে তার পক্ষে আবেদন ফরম সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ) বিএনপির দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আগ্রহী হিসেবে সিমি কিবরিয়ার নাম ইতোমধ্যেই আলোচনায় রয়েছে। মাঠ পর্যায়ে তার সক্রিয়তা এবং সামাজিক সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে বলে অনেকে মনে করছেন।
এদিকে, মনোনয়ন ফরম সংগ্রহের খবরে নবীগঞ্জ ও বাহুবল এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করছেন।
তবে এ বিষয়ে সিমি কিবরিয়া বা ড. রেজা কিবরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
বাহুবল বার্তা ডেস্ক 







