
বাহুবল বাজার থেকে মাত্র ৩০০ মিটার দূরে ইসলামাবাদ আবাসিক এলাকায় পানি নিষ্কাশনের ড্রেনের উপর নির্মাণ সামগ্রী রেখে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলজিইডির এই সড়কটি বাহুবল বাজারে প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান রুট। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন।
অভিযোগে বলা হয়, ইসলামাবাদ এলাকার বাসিন্দা দুলাল মিয়া তার নির্মাণাধীন ভবনের বালু ও ইট ড্রেনের উপর রেখে কাজ করছেন। বৃষ্টির পানিতে ওই বালু ড্রেনে গিয়ে পানি প্রবাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে করে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ফলে আশপাশের বাসিন্দাদের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাতায়াতকারী ২০ থেকে ৩০টি গ্রামের স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার জানানো হলেও নির্মাণাধীন ভবনের মালিক কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আলী হোসেন বলেন,
“কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করবেন, কিন্তু সামান্য টাকা খরচ করে ড্রেন পরিষ্কার করবেন না—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
এলাকাবাসী দ্রুত ড্রেন পরিষ্কার ও অবৈধভাবে ড্রেন দখল করে নির্মাণ সামগ্রী রাখার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বাহুবল বার্তা ডেস্ক 









