
হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৯ অক্টোবর দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার সাতকাপন খেলার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ফজল ইসলাম (পিতা: সঞ্জব উল্লা, সাং: পুরান মৌড়ি) ও সালমান মিয়াকে (পিতা: শফিক মিয়া, সাং: করিমপুর) ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী রায়হান আহমদ নাবিলকে (পিতা: আব্দুল খালেক, সাং: হরিতলা) ২৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাহুবল বার্তা ডেস্ক 












