
হবিগঞ্জের বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মোস্তফা শহীদ (৪৫) দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় এক বছর ধরে লিভারের সমস্যায় আক্রান্ত হয়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গেছে। শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
অসহায় এই ব্যক্তি জানান, চিকিৎসার জন্য ইতোমধ্যে তার যা সামান্য জমিজমা ও সম্পদ ছিল, সবই বিক্রি করে ব্যয় করেছেন। বর্তমানে তার আর কোনো সহায়-সম্বল নেই। এমনকি গত তিন মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তার ঘরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বসতঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বিভিন্ন স্থানে টিন ভাঙা ও কানা হয়ে গেছে, অনেক জায়গায় ফুটো দেখা গেছে। পুরো ঘরটিই এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
চিকিৎসকদের মতে, মোস্তফা শহীদের সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন তিনি। একটু সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখছেন মোস্তফা শহীদ।
সহায়তা পাঠানোর ঠিকানা :
মোস্তফা শহীদ
গ্রাম : দুর্গাপুর, ইউনিয়ন : ৪নং সদর, উপজেলা : বাহুবল, জেলা : হবিগঞ্জ
মোবাইল (বিকাশ) : ০১৭৪২-৮৬৯৮৮৬
মানবিক সহায়তায় এগিয়ে আসলে হয়তো বাঁচতে পারেন অসহায় এই মানুষটি—এমনটাই প্রত্যাশা তার পরিবার ও এলাকাবাসীর।
হাবিবুর রহমান নোমান 












