
হবিগঞ্জের বাহুবলে আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পিয়াল বিশ্বাসকে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে পিয়াল বিশ্বাসের সঙ্গে একাধিক নারী শিক্ষার্থীর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় আলেম-ওলামাদের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পিয়ালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে বুধবার (৯ সেপ্টেম্বর) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী পিয়াল বিশ্বাসকে সাময়িক বহিষ্কার এবং সংশ্লিষ্ট অন্যদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড আমলে নিয়ে পিয়াল বিশ্বাসকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রধান মো. আইয়ূব আলীকে। সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আব্দুল হাই ভূঁইয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. আপ্তাব উদ্দিন, বাংলা বিভাগের প্রধান মো. ছাদিকুর রহমান এবং ইংরেজি বিভাগের প্রধান রতন চন্দ্র দেব।
গঠিত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে অধ্যক্ষের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বাহুবল বার্তা ডেস্ক 








