
হবিগঞ্জের বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খামার ব্যবসায়ীর হামলা করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার হরহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকার বাসিন্দা ও আজমত উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হরহরিয়া গ্রামে একটি পোল্ট্রি খামারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মকবুল মিয়ার ছেলের সঙ্গে সায়েদ মিয়ার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ঘটনার কিছু সময় পর মকবুল মিয়ার পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সায়েদ মিয়ার পোল্ট্রি খামারে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহতের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতার মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
বাহুবল বার্তা ডেস্ক 









